ATN
শিরোনাম
  •  

ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত : র‍্যাব

         
ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত : র‍্যাব

ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত : র‍্যাব

টেন্ডার না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক আহমেদ হোসেনের ওপর ভাড়াটে খুনি দিয়ে হামলা চালায় সন্ত্রাসী রুবেল গ্রুপ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হামলার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় র‍্যাব।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে এই হামলা চালানো হয়।

র‍্যাব জানায়, সোমবার বিকেল ৩টা ৩৯ মিনিটে রাজধানীর মহাখালীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের গলির সিসিটিভি ফুটেজে দেখা যায়, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেন অফিস শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় জনসম্মুখে মুখোশ পরিহিত সালাউদ্দীন আকস্মিকভাবে তার পিঠে ছুরি দিয়ে কোপ দেয়। পরে হাতে কোপ দেয় আরিফুজ্জামান শরীফকে।

ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অপরাধীদের ধরতে অভিযানে নামে র‍্যাব। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাব-১ এর অভিযানে দক্ষিণখান, বাড্ডা ও গুলশান এলাকা থেকে মূল আসামি আরিফুজ্জামান শরীফসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে র‍্যাব। সম্মেলনে র‍্যাব জানায়, স্থানীয় দুই ঠিকাদার গ্রুপ-রুবেল ও মোনায়েম গ্রুপের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। টেন্ডার না দেওয়ায় ডা. আহমেদ হোসেনের ওপর হামলা চালায় রুবেলের ভাড়াটে সন্ত্রাসীরা।

র‍্যাব আরও জানায়, রুবেল মালয়েশিয়ায় অবস্থান করেই হামলার নির্দেশ দেয়।

এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রিপোর্ট : মা. মি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ