ATN
শিরোনাম
  •  

ট্রাম্পের বক্তব্যে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই

         
ট্রাম্পের বক্তব্যে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা,  সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই

ট্রাম্পের বক্তব্যে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা, সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রেই

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে আসন্ন আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন না। তবে ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যান্সই এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এই বিষয়ে অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জেডি ভ্যান্সের যুক্তরাষ্ট্রে অবস্থানের তথ্য জানিয়েছেন। তিনি ঠিক কখন ভ্রমণ করবেন কিংবা মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ইসলামাবাদের পথে রয়েছেন নাকি ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের বরাত দিয়ে জানিয়েছিল, ভ্যান্স এবং একটি মার্কিন প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যদি পরবর্তী দফার আলোচনা শুরু হয় তাহলে দেশটির রাজধানীই হবে সেই আলোচনার কেন্দ্রস্থল।

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে বলে মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‌‌‘‘যুক্তরাষ্ট্র সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের মনে যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে; তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের গঠনমূলক নয় এমন এবং স্ববিরোধী অবস্থান একটি তিক্ত বার্তাই বহন করছে। সেটি হচ্ছে, মার্কিনিরা ইরানের আত্মসমর্পণ চায়।’’

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ