ATN
শিরোনাম
  •  

ভেস্তে গেলো দ্বিতীয় দফা বৈঠক, আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

         
ভেস্তে গেলো দ্বিতীয় দফা বৈঠক, আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

ভেস্তে গেলো দ্বিতীয় দফা বৈঠক, আলোচনায় অংশ নিচ্ছে না ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান। ফলে ভেস্তে গেলো দ্বিতীয় দফা বৈঠক। ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার জন্য সবকিছু যখন চূড়ান্ত, তখন বাধ সাধলো মার্কিন নৌসেনা দ্বারা ইরানি জাহাজ আটকের ঘটনা। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান, তুসকা নামের জাহাজটি মার্কিন নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে তাঁর সৈন্যরা হামলা চালিয়ে সেটি আটক করেছে।

এর ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনায় ইরান আগে থেকে দ্বিধান্বিত ছিলো। এবার সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিনিদের সাথে আলোচনায় যাবে না তারা।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই বলেছেন, নৌ-অবরোধ আরোপের পর একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যা আন্তর্জাতিক আইনেরও স্পষ্ট লঙ্ঘন। তাদের এই অন্যায্য আচরণ সম্পর্কে মধ্যস্থতাকারী পাকিস্তানকে অবহিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেছেন: শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্র মোটেই আন্তরিক নয়। ইরানকে দোষারোপের খেলা চালিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে আগ্রাসন শুরু করলে, তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসমাঈল বাঘাই।

ইরানি পতাকাবাহী জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া।

এদিকে, আলোচনা ভেস্তে যাওয়ার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। লন্ডন আইসিই ফিউচারস এক্সচেঞ্জে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ০৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি হয়েছে ৯৬ দশমিক ৭৭ ডলার।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ