ATN
শিরোনাম
  •  

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

         
নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দিয়ে এনসিপিতে যোগদানের সুযোগ রাখা হয়েছে। এমনকি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরাও এনসিপিতে যোগ দিতে পারবে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবে।

তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে জড়িত বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সংস্কার ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সরকার নষ্ট করে দিচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে এবং জনগণের রায় উপেক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ