ATN
শিরোনাম
  •  

সিরিজে টিকে থাকতে কাল মিরপুরে বাংলাদেশের ‘বাঁচা-মরার’ লড়াই

         
সিরিজে টিকে থাকতে কাল মিরপুরে বাংলাদেশের ‘বাঁচা-মরার’ লড়াই

সিরিজে টিকে থাকতে কাল মিরপুরে বাংলাদেশের ‘বাঁচা-মরার’ লড়াই

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি সকাল ১১টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে ২৬ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ফলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন পেসার শরীফুল ইসলাম। তিনি বলেন, ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারলে দল ঘুরে দাঁড়াতে পারবে।

ব্যাটারদের ওপর চাপ কমাতে বোলিং ইউনিটকেও আরও উন্নতি করার কথা বলেন শরিফুল। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নেন।

তার সঙ্গে বল হাতে অবদান রাখেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন, যারা দু’জনই দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট নেন।

অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী কিউইরা সিরিজ নিশ্চিত করতে মরিয়া। দলের পেসার নাথান স্মিথ বলেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ধারাবাহিক পারফরম্যান্সই তাদের লক্ষ্য। তার মতে, গরম আবহাওয়ায় বোলিং চ্যালেঞ্জিং হওয়ায় টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ৪৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৫টি, বাংলাদেশ ১১টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড, যা ছিল ২০০৮ সালের পর তাদের প্রথম সিরিজ জয়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ