ATN
শিরোনাম
  •  

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা

         
অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদন অ্যামোনিয়া সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টা থেকে কারখানাটির সার উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে।

কারখানার ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (প্রশাসন) আলমগীর জলিল জানান, অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সাধারণত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সরবরাহ পেয়ে থাকে ডিএপিএফসিএল। তবে গ্যাস সংকটের কারণে এই দুটি কারখানাও গত ৪ মার্চ থেকে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সিইউএফএল ও কাফকো পুনরায় চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ শুরু না করা পর্যন্ত ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধ রাখতেই হবে।

দেশে সুষম সারের ব্যবহার নিশ্চিত করা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসির নিয়ন্ত্রণে এই কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত এ কারখানায় দৈনিক ৮০০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে।

২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা এই কারখানায় বর্তমানে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টন সার উৎপাদিত হয়ে আসছিল।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ