ATN
শিরোনাম
  •  

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি : ইরান

         
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি, জানিয়েছে ইরান। আলোচনার মৌলিক কাঠামো ঠিক না হলে কোনো বৈঠকে বসবে না তেহরান। এদিকে, কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই যেকোনো মুহূর্তে আবারো যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবর ছড়িয়েছিল, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি হতে পারে দুই পক্ষ। তবে পরবর্তী বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বলেছেন, আলোচনার মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা না হলে পরবর্তী বৈঠকে বসবেন না তারা।

পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তেহরানের অভিযোগ, আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা বলা হলেও বাস্তবে উত্তেজনা বাড়াচ্ছে ওয়াশিংটনের অবস্থান। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্য ও ইরানের বন্দরগুলোতে অব্যাহত অবরোধকে দায়ী করছে দেশটি। মোহাম্মদ বাঘের সতর্ক করে বলেন, আলোচনার পরিবেশ না থাকলে যেকোনো সময় সংঘাতে মোড় নিতে পারে পরিস্থিতি।

এদিকে, ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কোর-আইআরজিসি। নির্দেশ অমান্য করে প্রণালি পার হওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে শত্রু পক্ষের সহযোগী হিসেবে গণ্য করে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি ও সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, তারা অভিযান চালাতে পারে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোতে।

হরমুজ প্রণালি বন্ধ রেখে ওয়াশিংটনকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা যাবে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বলবৎ থাকবে বলে আবারো স্পষ্ট ঘোষণা তার।

আস্থার সংকটে থাকা দু দেশের অনড় অবস্থান আরও বাড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে। কূটনৈতিক সমাধান না কি রণক্ষেত্র কোন দিকে মোড় নেবে সম্পর্ক, তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ