ATN
শিরোনাম
  •  

হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু

         
হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু

হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন এবং হামের উপসর্গ নিয়ে বা হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩২৭৮ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২২৪০৯ জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৭৫১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহজনক হামে ১৭৮ জনের মৃত্যু হয়েছে।

এ সময় সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৯৭৮০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ