ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

         
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকার পাঠানো অনুরোধটি বর্তমানে পরীক্ষা করে দেখছে ভারত সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘এই অনুরোধটি বর্তমানে বিচার বিভাগীয় ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে।’

গত ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফলাফল আগেই জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে।’

রণধীর জয়সওয়াল আরও জানান, উভয় দেশ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখতে সম্মত হয়েছে। শিগগিরই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ৮ এপ্রিল দিল্লি সফরে যান খলিলুর রহমান। এ সময় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

এরপর ১০ এপ্রিল পোর্ট লুইসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলন শেষে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খলিলুর রহমান বলেন, ‘বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা আগেই শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। এ সফরেও আমরা সেই দাবির পুনরাবৃত্তি করেছি।’ তবে কৌশলগত কারণে তিনি আলোচনার সব বিস্তারিত প্রকাশ করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশত্যাগের পর থেকে শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ