ATN
শিরোনাম
  •  

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

         
ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে টাইগাররা। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানে অলআউট হয় মিরাজরা, ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি।

শুক্রবার (১৭ এপ্রিল) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ৬ ওভারে মাত্র ১৬ রান তোলে ওপেনার হেনরি নিকোলস ও নিক কেলি।

সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে ৭ রান করা নিক কেলি বোল্ড হলে প্রথম উইকেট পায় বাংলাদেশ। এরপর হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে ৮৮ বলে ৭৩ রানের জুটি গড়েন। ৩০ রান করা ইয়ংকে আউট করে দলকে ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেন।

অধিনায়ক টম লাথাম ১৪ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন। তবে নিকোলস দারুণ ব্যাটিং করে ৮৩ বলে ৬৮ রান করেন। পরে ডিন ফক্সক্রফট ছোট ছোট জুটিতে দলকে এগিয়ে নিয়ে যান এবং ৫৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। শেষ দিকে নাথান স্মিথের ২১ রানে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে তাসকিন, শরিফুল ও রিশাদ দুটি করে উইকেট নেন। মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট পান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুত ছন্দ হারায় বাংলাদেশ। তানজিদ হাসান ২ রান করে আউট হন, আর নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই শূন্য রানে ফিরে যান। এরপর সাইফ হাসান ও লিটন দাস ১১৬ বলে ৯৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

সাইফ ৭৬ বলে ৫৭ রান করে আউট হন। লিটন দাসও ৪৬ রান করে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। পরে তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ৫২ রানের জুটি গড়লেও তা যথেষ্ট হয়নি। আফিফ ২৭ রান করে আউট হন।

শেষদিকে ব্লেয়ার টিকনারের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মিরাজ, রিশাদ, শরিফুল ও তাসকিন দ্রুত বিদায় নেন।

এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। ৬০ বলে ৫৫ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। ৪৯তম ওভারে আউট হলে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে ব্লেয়ার টিকনার ৪টি এবং নাথান স্মিথ ৩টি উইকেট নেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ