ATN
শিরোনাম
  •  

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রাও

         
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রাও

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রাও

সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে সারাদেশে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকাসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজধানী ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিনও দেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রবিবারেও আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

সোমবার থেকে আবহাওয়া কিছুটা বেশি গরম হয়ে উঠতে পারে। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

পঞ্চম দিন মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিনও তাপমাত্রা আরও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টিপাত কমে গেলে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ