ATN
শিরোনাম
  •  

হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

         
হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

মন্ত্রী জানান, হজযাত্রাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাজী ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, যাত্রা প্রস্তুতি ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে হজযাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে তিনি বলেন, “যা করার দরকার, তা-ই করা হবে।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ