ATN
শিরোনাম
  •  

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

         
ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপ-এর বিমান খাত গভীর সংকটে পড়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে জানিয়েছেন, ইউরোপের হাতে বর্তমানে সর্বোচ্চ ছয় সপ্তাহের জেট ফুয়েল মজুত রয়েছে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানি সংকট অব্যাহত থাকলে ইউরোপের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ব্যাপক ফ্লাইট বাতিল হতে পারে।

ফাতিহ বিরল আরও বলেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এতে এক শহর থেকে আরেক শহরে ফ্লাইট চলাচলও বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে, ইউরোপীয় বিমানবন্দরগুলোর সংগঠন এসিআই ইউরোপ জানিয়েছে, তাদের হিসাবে এই সংকট আরও দ্রুত তীব্র আকার নিতে পারে এবং ইউরোপ মাত্র তিন সপ্তাহের মধ্যেই বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে।

সংকটের পাশাপাশি জেট ফুয়েলের দামও বেড়ে যাওয়ায় অনেক এয়ারলাইনস ইতোমধ্যে কম লাভজনক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে।

ফাতিহ বিরল এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেন, এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি হবে। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে পেট্রল, গ্যাস ও বিদ্যুতের দাম আরও বেড়ে যেতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় চাপ সৃষ্টি করবে।

তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এখন এমন এক জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে আছে, যা অতীতে খুব কমই দেখা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ