ATN
শিরোনাম
  •  

মোহাম্মদপুরে ৩ দিনের ব্যবধানে ফের খুন

         
মোহাম্মদপুরে ৩ দিনের ব্যবধানে ফের খুন

মোহাম্মদপুর থানা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আবারও খুনের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে পথচারীরা রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ দেখতে পেয়ে খবর দেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, এই ঘটনায় মুন্না, নয়ন ও মিরাজসহ কয়েকজন জড়িত থাকতে পারে। মাদকসংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্যে এলেক্স ইমন নামে আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, যা এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ