ATN
শিরোনাম
  •  

সিলেটে বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার

         
সিলেটে বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার

সিলেটে বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর পচা মরদেহ উদ্ধার

সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে একটি বন্ধ দোকান থেকে পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহের সন্ধান পান। বুধবার (১৫ এপ্রিল) মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬) মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫০)। তিনি দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে তরকারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী নাজিম ও পাভেল জানান, গত দুই দিন ধরে দোকান এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। প্রথমে তারা বিষয়টিকে সাধারণ মনে করলেও পরে গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহ দেখতে পান।

সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে নুরুল ইসলামের মৃত্যু অন্তত দুই দিন আগে হয়েছে। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম জানান, নুরুল ইসলাম দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা করতেন এবং বিভিন্ন বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে বন্দরবাজার এলাকায় বিক্রি করতেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ