ATN
শিরোনাম
  •  

শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির ছোঁয়ায় এনসিপির বর্ষবরণ উৎসব

         
শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির ছোঁয়ায় এনসিপির বর্ষবরণ উৎসব

শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির ছোঁয়ায় এনসিপির বর্ষবরণ উৎসব

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের আয়োজনে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বাউল সংগীত, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং বাঙালি ঐতিহ্যের নানা উপস্থাপন।

সংস্কৃতি সেলের সম্পাদক লুৎফর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দুপুরের পর থেকেই মূল অনুষ্ঠান শুরু হবে। বিকেল ৩টায় শুরু হবে রঙিন শোভাযাত্রা, যেখানে অংশ নেবেন দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি রাজধানীর বাংলামোটর থেকে যাত্রা শুরু করে শাহবাগ ঘুরে আবার বাংলামোটরেই এসে শেষ হবে।

তিনি আরও বলেন, একই সময় বাংলামোটরের নেভি গলিতে বসবে বৈশাখী মেলা। সেখানে গান, নাচ, বায়োস্কোপসহ বাঙালিয়ানার বিভিন্ন আয়োজন থাকবে। পাশাপাশি মুড়ি-মুড়কি ও জিলাপির মতো ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে লুৎফর রহমান বলেন, নতুন বছরের নতুন দিনে আমাদের সঙ্গে মিলিত হোন ঐতিহ্য আর উৎসবের রঙে রঙিন হতে। আপনার উপস্থিতি আমাদের আনন্দকে আরও পূর্ণ করবে।

এদিকে, নেভি গলির আয়োজনস্থলে আজ (সোমবার) রাত ৮টার পর থেকেই শুরু হবে আলপনা আঁকার কাজ। মঙ্গলবারের মেলায় বাহারি খাবারের পাশাপাশি মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর দোকানও থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন লুৎফর রহমান।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ