ATN
শিরোনাম
  •  

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

         
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। ভাইভা পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরি বা পেশাগত ক্যাডারের সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। যদিও ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল, তা একদিন আগে ৯ ডিসেম্বর স্থগিত করা হয়। পরে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট নম্বর ১১০০ থেকে কমে দাঁড়ায় ১০০০। একই সঙ্গে এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনকারীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২৯ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

প্রাথমিকভাবে ২০২৫ সালের ৮ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ২৮ সেপ্টেম্বর ১০ হাজার ৬৪৪ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে ফল প্রকাশ করা হয়।

এরপর ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিলে কিছু প্রার্থী তা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন। তবে পিএসসি তাদের অবস্থানে অনড় থাকে। কয়েকদিন আন্দোলনের পর একাংশ পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছিলেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ