ATN
শিরোনাম
  •  

হরমুজ প্রণালি পার হলো জাপান ও ফ্রান্সের জাহাজ

         
হরমুজ প্রণালি পার হলো জাপান ও ফ্রান্সের জাহাজ

হরমুজ প্রণালি। ফাইল ছবি

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অচলাবস্থার পর প্রথমবারের মতো জাপান ও ফ্রান্স সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এটি গত ফেব্রুয়ারির পর এই গুরুত্বপূর্ণ জলপথে পশ্চিমা ও জাপানি জাহাজের প্রথম যাত্রা।

দ্য গার্ডিয়ান ও আলজাজিরার খবরে বলা হয়েছে, মেরিটাইম ট্র্যাকিং ডেটা অনুযায়ী বৃহস্পতিবার ফ্রান্সের একটি কনটেইনার জাহাজ, জাপানের একটি এলএনজি ক্যারিয়ার এবং ওমানের মালিকানাধীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের শুরু থেকে ইরান রুটটি বন্ধ করে দিয়েছিল এবং মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। ফলে গত কয়েক সপ্তাহে বাণিজ্যিক চলাচল স্থবির ছিল।

জাপানের মিতসুই ওএসকে লাইন্সের সহমালিকানাধীন সোহারা এলএনজি জাহাজটি ওমান উপকূল ঘেঁষে দক্ষিণ রুট দিয়ে পারস্য উপসাগর ত্যাগ করে। একই দিনে ফ্রান্সের সিএমএ সিজিএমের মালিকানাধীন ক্রিবি নামের একটি কনটেইনার জাহাজও প্রণালি অতিক্রম করে।

ওমান শিপিং ম্যানেজমেন্টের দুটি তেলবাহী ট্যাঙ্কার এবং একটি এলএনজি ট্যাঙ্কারও একই সময়ে পারস্য উপসাগর পাড়ি দেয়। গত মঙ্গলবার চীনের তিনটি জাহাজ পার হওয়ার পর তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল।

যুদ্ধের শুরু থেকে হরমুজ প্রণালি দিয়ে দিনে প্রায় ১২০টি জাহাজ চলাচল করলেও এ সংখ্যা কমে যায়। ১ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ২২১টি জাহাজ এই পথ ব্যবহার করেছে, যার ৬০ শতাংশই ইরানগামী বা ইরানের নিজস্ব।

অবরুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে। একই সঙ্গে সার তৈরির কাঁচামালের এক-তৃতীয়াংশ সরবরাহও ঝুঁকির মধ্যে।

উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রও এই প্রণালি পুনরায় খুলে দিতে সক্ষম, তবে সময় লাগবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ