ATN
শিরোনাম
  •  

ইরান যুদ্ধের প্রভাব, ভারতের কনডম উৎপাদনে তীব্র সংকট

         
ইরান যুদ্ধের প্রভাব, ভারতের কনডম উৎপাদনে তীব্র সংকট

কনডম। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব ভারতের কনডম উৎপাদন শিল্পেও পড়েছে। দেশটির ৮,১৭০ কোটি রুপির এই খাত বর্তমানে সরবরাহ সংকটে পড়েছে, যার ফলে বাজারে পণ্যের ঘাটতি এবং খুচরা দামে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের বছরে ৪০০ কোটি কনডম উৎপাদন হয়। প্রধান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো-এইচএলএল লাইফকেয়ার লিমিটেড, ম্যানকাইন্ড ফার্মা ও কিউপিড লিমিটেড-বর্তমানে সরবরাহ চেইনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। কেবল এইচএলএল লাইফকেয়ারই বছরে প্রায় ২২১ কোটি কনডম উৎপাদন করে।

সংকটের মূল কারণ সরাসরি চাহিদার বৃদ্ধিতে নয়, বরং সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়া এবং পেট্রোকেমিক্যাল ও লুব্রিকেন্ট সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। কনডম উৎপাদনের জন্য অপরিহার্য সিলিকন অয়েল এবং অ্যামোনিয়ার দাম যথাক্রমে তীব্রভাবে বেড়েছে। পাশাপাশি প্যাকেজিং উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে, যা উৎপাদন খরচ আরও বাড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পিভিসি ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল এবং প্যাকেজিং সামগ্রীর সরবরাহ সীমিত হওয়ায় উৎপাদন ও ক্রয়াদেশ প্রভাবিত হয়েছে। পরিবহন খাতেও সমস্যা থাকায় পরিস্থিতি আরও জটিল।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সংকটের দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কনডমের দাম বৃদ্ধি বা সরবরাহে অনিয়ম পরিবারের পরিকল্পনা ও যৌনবাহিত সংক্রমণ রোধে সমস্যা সৃষ্টি করতে পারে। ইতিমধ্যেই দিল্লি ও মুম্বাইয়ের বড় শহরের ফার্মেসিগুলোতে কনডমের অপ্রতুল সরবরাহের প্রভাব দেখা দিতে শুরু করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ