ATN
শিরোনাম
  •  

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলায় সমন জারি

         
আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলায় সমন জারি

জামায়াত নেতা মুফতি আমির হামজা। ফাইল ছবি

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা-র বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে আরও একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুঁইয়া অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলে উল্লেখ করে মানহানি করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মানহানির ক্ষতিপূরণ অর্থ দিয়ে পূরণযোগ্য নয়, তাই মামলায় কোনো আর্থিক দাবি উল্লেখ করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর আদালত শুনানি শেষে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে হাজির না হলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

এর আগে একই অভিযোগে বিএনপি নেতা নাজমুল ইসলাম সিরাজগঞ্জ সদর আমলি আদালতে ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ