ATN
শিরোনাম
  •  

সংবিধান সংশোধনে শিগগির কমিটি গঠন: চিফ হুইপ

         
সংবিধান সংশোধনে শিগগির কমিটি গঠন: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

সংবিধান সংশোধনের জন্য অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আগামী রোববারের মধ্যেই কমিটি গঠন হতে পারে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রস্তাবিত কমিটিতে আনুপাতিক হারে সরকারি ও বিরোধী দলসহ সব দলের প্রতিনিধিত্ব থাকবে। স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকেও সদস্য নেওয়া হবে।

কমিটির আকার সম্পর্কে তিনি বলেন, এতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকতে পারেন। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য দল থেকে আইন বিশেষজ্ঞ না পাওয়া গেলেও প্রতিনিধি রাখা হবে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এমনভাবে সংশোধন করা হবে যাতে বারবার পরিবর্তনের প্রয়োজন না পড়ে।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তাদের কমিটিতে না থাকা সঠিক হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিরোধী দল এই প্রক্রিয়ায় অংশ নেবে। “এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না, তেমনি সংবিধান সংশোধনও সব পক্ষের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়,”-বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বার্থেই সংবিধান সংশোধন প্রয়োজন এবং সংসদের মাধ্যমেই সব সমস্যার সমাধান করতে হবে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশন কক্ষে উন্নত সাউন্ড সিস্টেম স্থাপন, ইন্টারনেটের গতি বাড়ানো, সংসদ এলাকায় সুপেয় পানির ব্যবস্থা এবং সংসদ সদস্যদের জন্য দ্রুত বাসা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন এবং আবুল হাসনাত।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ