ATN
শিরোনাম
  •  

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

         
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিরোধী দলের ওয়াকআউট। ফাইল ছবি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে চলমান অধিবেশন থেকে তারা একযোগে বের হয়ে যান।

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও বিষয়টির কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়ায় বিরোধী দল ক্ষোভ প্রকাশ করে। এরই প্রতিবাদে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, তার বক্তব্য সম্ভবত সঠিকভাবে উপস্থাপিত হয়নি। মূলত গণভোট এবং এ সংক্রান্ত প্রস্তাবিত সংস্কার পরিষদের সভা আহ্বানই ছিল আলোচনার প্রধান বিষয়।

তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হলে বিরোধী দল তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। পাশাপাশি সংকট নিরসনে গঠিত কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি। এতে করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর ও গ্রহণযোগ্য হবে বলেও মত দেন।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, এটি জনআকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে জনগণের বড় অংশের মতামত জড়িত। তাই এ বিষয়ে স্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি স্পিকারের কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও সিদ্ধান্ত প্রত্যাশা করেন।

জবাবে স্পিকার বলেন, পূর্বদিনের প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব, যা সংসদে আলোচনার সুযোগ তৈরি করতেই গ্রহণ করা হয়েছিল। তিনি জানান, এ ধরনের প্রস্তাব সংসদে খুব কমই গৃহীত হয়, তবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতেই এটি করা হয়েছে।

স্পিকার আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে গঠনমূলক আলোচনা হওয়া জরুরি এবং এ ক্ষেত্রে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করা উচিত। তিনি সরকারি ও বিরোধী উভয় দলকে আলোচনায় অংশ নিয়ে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

ওয়াকআউটের পরও সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অধিবেশন চলতে থাকে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ