ATN
শিরোনাম
  •  

যাত্রীর চাপ নেই সড়কে, কাউন্টারে লোকসান এড়ানোর চেষ্টা

         
যাত্রীর চাপ নেই সড়কে, কাউন্টারে লোকসান এড়ানোর চেষ্টা

যাত্রীর চাপ নেই সড়কে, কাউন্টারে লোকসান এড়ানোর চেষ্টা

ঈদের আগের দিনটিতে সড়কপথে যাত্রীর চাপ তেমন নেই। বাস টার্মিনালগুলোতে যাত্রী কম থাকায়, কাউন্টারগুলোতে লাভ সেভাবে না করতে পারার আক্ষেপ বাস-মালিক কর্তৃপক্ষের। অনেকে ট্রেন বা লঞ্চের মতো বিকল্প বেছে নেওয়ায় সড়কে চাপ কমে গেছে, বলছেন পরিবহন-সংশ্লিষ্টরা।

জীবনের প্রয়োজন পূরণের বাস্তবতায় মানুষ রাজধানীতে থাকলেও, মনটা স্বজনের সান্নিধ্য পেতে বরাবরই ব্যাকুল থাকে। তাইতো ঈদের মতো বড় উৎসবের ছুটিতে স্বজনের টানে ঘরে ফেরার তাড়া থাকে মানুষের। সারাবছরের বিক্ষিপ্ত অন্তরটাকে আপনজনদের মাঝে গিয়ে প্রশান্ত করার মহৌষধ নিতেই তাদের এ যাত্রা। ভিড় ও যানজট কম থাকায় যাত্রীদের স্বস্তি রয়েছে এবার, আছে স্বচ্ছন্দে বাড়ি পৌঁছানোর আশা।

ঈদের আগের দিনটিতে সড়কপথে কোনো রুটেই সেভাবে ভিড় নেই। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভৈরবগামী যাত্রীরা মহাখালী বাস টার্মিনাল হয়ে বাড়ি যাচ্ছেন। বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার থেকে জানাচ্ছেন, তারা ঠিক দামেই টিকেট দিচ্ছেন, বাস আছে পর্যাপ্ত, রাস্তায় জ্যামও নাই, অভাব শুধু যাত্রীর।

দূরপাল্লার চালকরা জানান, আয় কম হলেও এবার গাড়ি চালিয়ে আরাম পাচ্ছেন তাঁরা। যাত্রী কম থাকায় ট্রিপ কম, পথে যানজটও সে রকম নেই, ফলে তাদের ধকলটাও কম হচ্ছে।

সায়েদাবাদেও একই চিত্র। এবারের ঈদের ছুটি বেশ লম্বা হওয়ায় অনেকেই আগে চলে গেছেন। কেউ বেছে নিয়েছেন বিকল্প বাহন। তাই এ মুহুর্তে লাভ সেভাবে না হোক, অন্তত লোকসান যেন না হয়, সেই চাওয়া কাউন্টারগুলোতে।

বাস বেশি, তুলনায় যাত্রী কম হওয়ায়, সব স্টেশনেই কদরে আছেন যাত্রীরা। কাউন্টারসহযোগীদের সঙ্গে মানঅভিমানের গল্পও আছে।

রিপোর্ট : সা.সু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ