ATN
শিরোনাম
  •  

জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে মামলা, তদন্ত চলছে

         
জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে মামলা, তদন্ত চলছে

জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুকে ঘিরে মামলা, তদন্ত চলছে। ফাইল ছবি

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা মারা গেছেন। তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও অভিযোগ সামনে এসেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের মানসিক চাপ ও দাম্পত্য কলহের কারণে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

ইকরার মৃত্যুর পর তাঁর স্বামী জাহের আলভী ও শাশুড়ি নাসরিন সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের একজন সদস্য।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে জাহের আলভীর সঙ্গে ইকরার বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, প্রায় দুই বছর আগে ইকরা জানতে পারেন তাঁর স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ইকরাকে বিভিন্ন সময়ে মানসিকভাবে হয়রানি ও চাপ দেওয়া হতো বলে পরিবারের অভিযোগ। বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবে একাধিকবার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।

ঘটনার দিন ২৮ ফেব্রুয়ারি দুপুরে ইকরা নিজ বাসায় মারা যান বলে জানানো হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রিপোর্ট: এটিএন নিউজ/ সা.ই.শা

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ