ATN
শিরোনাম
  •  

অনার্সের কোনো বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

         
অনার্সের কোনো বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

অনার্সের কোনো বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধ বা বাতিল করার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, বাংলা, দর্শন কিংবা ইতিহাসের মতো বিষয় বাদ দেওয়ার বিষয়ে সরকার বা মন্ত্রণালয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার জানামতে এ ধরনের কোনো আলোচনা হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটি বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাংলা, দর্শন, ইতিহাসসহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। তবে এ দাবিকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এমন কোনো আলোচনা হয়নি। আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই খবর কোথা থেকে এসেছে।

তিনি আরও বলেন, সরকার কারিগরি ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে এবং বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন কোর্স চালু করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো বিষয়গুলো বাদ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, মার্কেট ডিমান্ড অনুযায়ী আমরা নিয়মিত নতুন কোর্স চালু করছি। বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন স্তরে এসব কোর্স যুক্ত করা হচ্ছে। কিন্তু বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কোনো সিদ্ধান্ত বা আলোচনা কোথাও হয়নি।

অনার্স কোর্সের সংখ্যা কমানো বা কোনো বিষয়ে অনার্স শিক্ষা বন্ধ করার পরিকল্পনাও শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলে স্পষ্ট করেন তিনি।

এদিকে, একই দিন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ