ATN
শিরোনাম
  •  

আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে আর্জেন্টিনা

         
আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে আর্জেন্টিনা

আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির জন্য এই ম্যাচটি হবে বিশ্বকাপের আগে শেষবারের মতো দল ও কৌশল যাচাইয়ের সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশের রূপরেখা অনেকটাই নির্ধারিত হতে পারে এই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে।

সর্বশেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারানোর পর এবার মূল একাদশের খেলোয়াড়দের আরও বেশি সময় মাঠে রাখতে চান স্ক্যালোনি। দলের জন্য বড় স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পাওয়া পেশির চোট থেকে সেরে উঠে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশেই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মিডফিল্ডে স্ক্যালোনির পরিকল্পনায় রয়েছেন রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে সুযোগ পেতে পারেন ফ্যালাসিওস। বিশ্বকাপের আগে তাকে ম্যাচের ছন্দে ফেরানোর লক্ষ্যেই এমন ভাবনা কোচের।

অন্যদিকে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে আর্জেন্টিনা শিবির। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখনও পুরোপুরি ফিট নন। তাই তাদের কাউকেই আইসল্যান্ডের বিপক্ষে ঝুঁকি নিয়ে মাঠে নামানোর সম্ভাবনা নেই। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মার্টিনেজ ও আলভারেজকে পাওয়া যাবে বলে আশাবাদী দল।

এ ছাড়া ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্টিয়েলকেও বিশ্রামে রাখা হতে পারে। সেক্ষেত্রে ডান প্রান্তের দায়িত্ব পেতে পারেন অগাস্টিন অথবা নিকোলাস কাপালদো।

রিপোর্ট: এটিএন নিউজ
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ