ATN
শিরোনাম
  •  

কালবৈশাখীর তাণ্ডবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

         
কালবৈশাখীর তাণ্ডবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখীর তাণ্ডবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। এতে ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

রবিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে পদ্মা নদীতে তীব্র স্রোত ও দমকা বাতাসের সৃষ্টি হয়। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল হয়ে উঠলে নৌ-দুর্ঘটনার আশঙ্কায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এই রুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর মাঝনদী ও দৌলতদিয়া ঘাট এলাকায় অন্তত তিনটি ফেরি যাত্রী ও যানবাহনসহ আটকা পড়ে। অল্প সময়ের মধ্যেই ঘাট এলাকায় ঢাকামুখী ও দক্ষিণবঙ্গগামী শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ঈদ উপলক্ষে কোরবানির পশুবাহী অসংখ্য ট্রাক ঘাটে আটকে পড়ায় বৃষ্টির মধ্যেই পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। একই সঙ্গে সাধারণ যাত্রীদের অনেকেই খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহাচ্ছেন। নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঈদ সামনে রেখে ঘাটে মানুষের চাপ বাড়লেও দুর্যোগের সময়ে যাত্রীদের নিরাপত্তা, খাবার ও পানির ব্যবস্থায় সংশ্লিষ্টদের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, নদীতে তীব্র দমকা বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে এবং আটকে থাকা যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হবে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে আটকে থাকা যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ