ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

         
কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় তালাবদ্ধ একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দোলন হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ওই ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতর থেকে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে। অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ধোঁয়া বের হতে দেখে তারা তালা ভাঙার চেষ্টা করলেও ততক্ষণে পুরো ঘর আগুনে পুড়ে যায়।

জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন দুই বোন-সালমা বেগম ও সামছুন্নাহার বেগম। তাদের বাবা সামছু উদ্দিন; বাড়ি শ্রীনগরের আরধীপাড়া কানাইপাড়া, মুন্সীগঞ্জ। পুলিশ জানিয়েছে, দুই বোনের একজন ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা গেছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি নিহত ব্যক্তি কোন বোন।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, “দুই বোন সেখানে ভাড়া থাকতেন। তাদের একজন মারা গেছেন, অন্যজন তখন বাইরে ছিলেন বলে জানতে পেরেছি। স্থানীয়রা আগুনের পর তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন। পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ