ATN
শিরোনাম
  •  

একই রাতে হারলো বার্সেলোনা-সিটি, বড় জয় ডর্টমুন্ডের

         
একই রাতে হারলো বার্সেলোনা-সিটি, বড় জয় ডর্টমুন্ডের

একই রাতে হারলো বার্সেলোনা-সিটি, বড় জয় ডর্টমুন্ডের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে গার্দিওয়ালার সিটি- আর স্ট্যামফোর্ড ব্রিজে কাতালানদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। রাতের অন্য ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয় পেয়েছে ডর্টমুন্ড।

চেলসি-বার্সেলোনা- দুই দলেরই সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত এক লড়াইয়ের প্রত্যাশা জাগিয়েছিল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বার্সা।

ম্যাচের শুরু থেকেই লেভান্ডোভস্কি- ইয়ামালদের চেপে ধরে স্বাগতিকরা। প্রথম ২০ মিনিটেই দুইবার কাতালানদের জালে বল পাঠিয়েও চেলসি গোল পায়নি অফসাইড কিংবা হ্যান্ডবলের কারণে। অবশেষে ম্যাচের ২৭ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের আত্মঘাতি গোলে এগিয়ে যায় চেলসি।

প্রথমার্ধের শেষদিকে আরেকটি ধাক্কা খায় বার্সেলোনা। কুকুরেইয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রোনাল্দ আরাউহো। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো তাদের জালে ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাওয়ের চমৎকার এক গোলে ব্যবধান বাড়ে আরও।

৭৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনার আশা কার্যত শেষ করে দেয় চেলসি। বক্সে এনজো ফার্নান্দেসের পাসে গোলটি করেন বদলি ফরওয়ার্ড লিয়াম দালেপ। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

অন্যদিকে ইতিহাদে বল দখলে কিংবা আক্রমণে অনেক এগিয়ে থাকা সত্ত্বেও আসল কাজটি করতে পারেনি ম্যান সিটি। বিপরীতে দুই অর্ধের দুই চমৎকার ফিনিশিংয়ে কাজের কাজ করে লেভারকুসেন। ম্যাচের ২৩ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর গোলে এগিয়ে যাওয়ার পর ৫৪ মিনিটে ইব্রাহিম মাজার নিখুঁত ক্রসে দ্বিতীয় গোলটি করেন চেক স্ট্রাইকার প্যাট্রিক শিক।

সিটি কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে এটা ছিল গার্দিওলার ১০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে একাদশে ১০টি পরিবর্তন আনেন গার্দিওলা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শুরুর একাদশে না থাকলেও বদলি নেমে লেভারকুসেনের রক্ষণের প্রতিরোধ ভাঙতে পারেননি ফিল ফোডেন, জেরেমি ডোকু ও আর্লিং হলান্ডরা।

এছাড়া সিগনাল ইদুনা পার্কে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। দলটির হয়ে সেরহু গিরেসি জোড়া গোল করেন। বোদোর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে য়্যুভেন্তুস। কারাবাগ কে ২-০ গোলে হারিয়েছে নাপোলি।

রিপোর্ট : ই./সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ