ATN
শিরোনাম
  •  

মেট্রোরেল র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু

         
মেট্রোরেল র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু

মেট্রোরেল র‍্যাপিড পাসে অনলাইন রিচার্জ চালু

রাজধানীর মেট্রোরেল ব্যবহারে যাত্রীসেবা আরও সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র‌্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) জানিয়েছে, ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ সম্পন্ন করা যাবে। এজন্য ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। তবে অনলাইনে পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না।

নীতিমালা অনুযায়ী, অনলাইন রিচার্জে অতিরিক্ত পেমেন্ট গেটওয়ে ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। নির্ধারিত সময়ে কার্ড এভিএম-এ ট্যাপ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখবে কর্তৃপক্ষ।

গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, সে ক্ষেত্রে ৫ শতাংশ ফি কাটবে। এ সুবিধায় সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

তবে কার্ড ব্ল্যাকলিস্ট হলে কোনো ধরনের রিচার্জ নেয়া হবে না। অনলাইন রিচার্জ সেবা চালুর অংশ হিসেবে ১৬টি স্টেশনে ৩২টি নতুন এভিএম মেশিন স্থাপনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ডিটিসিএ।

ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আজকে আমাদের জন্য আসলে খুবই এক্সপেক্টেড একটা দিন। এটাকে বলতে পারি যে বহুল কাঙ্ক্ষিত। এই প্রক্রিয়া আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলবে।

তিনি আরও বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাপ করবেন, তখন আপনার রিচার্জ সফল দেখাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, আসলে মন্ত্রণালয়ের কাজ হচ্ছে পলিসি সাপোর্ট দেওয়া। ডিএমটিসিএল বাংলাদেশে যোগাযোগ সেক্টরে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। আমরা যারা ব্যবহার করি বা ভবিষ্যতে ব্যবহার করব তাদেরকে যত স্বাচ্ছন্দে স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে টিকিট কাটা থেকে ভ্রমণ সহযোগিতা দিতে পারব, সেটা আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে এটা আমাদের কর্তব্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ