ATN
শিরোনাম
  •  

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার

         
ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার ভোররাতে মাদারীপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করার সময় তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ৪ অক্টোবর ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন আবুল সরকার। ওই অনুষ্ঠানে তিনি ইসলামের আসমানি গ্রন্থ ও আল্লাহর সৃষ্টিকর্ম সম্পর্কে এমন মন্তব্য করেন যা উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। তার বক্তব্যে তিনি দাবি করেন, আল্লাহর সৃষ্টি ব্যাখ্যায় ‘আগা-মাথা মেলে না’ এবং আয়াতের তর্জমা করতে গিয়েও বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কোরআনের আয়াত ভুল পড়েন এবং ইচ্ছেমতো ব্যাখ্যা করে তার গানের মাধ্যমে ভক্তদের ভুল পথে পরিচালিত করছেন। তারা আরও দাবি করেন, আবুল সরকার নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছেন।

মানববন্ধনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলার আমির মুফতি শাহ সাঈদ নূর, মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, মুফতি মুজিবুর রহমানসহ জেলার বিভিন্ন আলেমরা বক্তব্য দেন।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবুল সরকারের গ্রেপ্তারের দাবি ওঠে। অবশেষে, ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ইসলাম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেল ৪টায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান।’’

এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ