ATN
শিরোনাম
  •  

জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনার মামলার রায় আজ

         
জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনার মামলার রায় আজ

জুলাই হত্যাযজ্ঞ : শেখ হাসিনার মামলার রায় আজ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আজ সোমবার, ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। রায় সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন, তবে আমাদের আবেদন সর্বোচ্চ দণ্ড।”
পাঁচটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা খালাসের আবেদন করেছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষ থেকেও খালাস চাওয়া হয়েছে।

এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা অনেকে। স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। মোট ৫৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে তৎকালীন সরকার ও তাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১০ জুলাই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করে। পরে দোষ স্বীকার করে অ্যাপ্রোভার হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এখন এই মামলার বহুল প্রত্যাশিত রায় দেশজুড়ে ব্যাপক নজর কাড়বে, যা আজ বিটিভিতে সরাসরি দেখা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ