ATN
শিরোনাম
  •  

‘জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হবে’

         
‘জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হবে’

‘জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনের দলীয় মনোনীত প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে যাবে।”

শনিবার রাতে রমনা থানা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের অগ্রযাত্রা দেখে সন্ত্রাসী-চাঁদাবাজরা অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এসব শক্তি জামায়াতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চক্রান্ত চালাচ্ছে।

ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অস্ত্রবাজির অবসান ঘটবে। দলটি জনগণকে সঙ্গে নিয়ে একটি মানবিক ও নিরাপদ সমাজ গড়তে চায়। তিনি দাবি করেন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা হলে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সুবিধা নেয়, তারা সেটাই ভয় পাচ্ছে।

ঢাকা-৮ আসনকে ‘নতুন বাংলাদেশের মডেল’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অতীতে যারা এমপি হয়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, শিক্ষা খাতে বাণিজ্য করেছে, তাদের আর ক্ষমতায় আসা উচিত নয়। তিনি বলেন, “জামায়াতে ইসলামীতে দুর্নীতি ও সন্ত্রাসের কোনো স্থান নেই।”

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, ব্যবসায়ীদের উপস্থিতি প্রমাণ করে জামায়াতের প্রতি আস্থার জায়গা আরও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, গত ১৭ বছরে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা, খুন-গুমের মতো নির্যাতন চালানো হলেও দল মানবিক কাজ থেকে পিছিয়ে যায়নি।

তিনি দাবি করেন, জামায়াত সকল নাগরিকের সমান অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে বিশ্বাসী। তাই ধর্ম-বর্ণ–নির্বিশেষে সবাইকে জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন রমনা থানা আমীর মো. আতিকুর রহমান। উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড এবং স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ