ATN
শিরোনাম
  •  

মহাসিং নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে প্রায় ৫ লাখ মানুষ

         
মহাসিং নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে প্রায় ৫ লাখ মানুষ

মহাসিং নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে প্রায় ৫ লাখ মানুষ

সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ভোগান্তিতে তিন উপজেলার প্রায় ৫ লাখ মানুষ। সেতু না থাকায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এ এলাকার উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন না কৃষক। অন্যদিকে, শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে আছে গ্রামের কোমলমতি শিশুরা।

ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জ। এই জেলার দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৫ লাখ মানুষের আজন্ম দুঃখ হচ্ছে মহাসিং নদী। প্রতিদিনই তিন উপজেলার মানুষকে নৌকা বা খেয়া দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে নদীটি। একটি মাত্র সেতুর অভাবে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের হাজারো মানুষ। কৃষি ও মৎস্য নির্ভর মানুষের জীবনমান পড়েছে হুমকির মুখে।

জরুরি প্রয়োজনে রোগী বা বয়স্ক ব্যক্তিদের হাসপাতালে নেয়াও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমেও নদী পার হতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। হাজার মণ ধান ও সবজি উৎপাদন করেও তিন উপজেলার ফসলের ভালো দাম পাচ্ছেন না কৃষক। সব মিলিয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসাসহ ব্যবসা-বাণিজ্য।

স্থানীয়রা জানান, মহাসিং নদীর তিন মোহনায় সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের আমলে সেতু নির্মাণের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি।

জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে এই স্থানে সেতু নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই কর্মকর্তা জানালেন, সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিন উপজেলার হাজার হাজার মানুষ এখন একটি সেতুর অপেক্ষায় দিন গুনছেন। তারা মনে করেন, সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও আসবে পরিবর্তন ব্যাপক ।

রিপোর্ট : ত./ সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ