ATN
শিরোনাম
  •  

লকডাউনের ঘোষণা দিয়ে মাঠে ছিলো না আ.লীগ : তবুও যৌথ বাহিনীর কঠোর অবস্থান

         
লকডাউনের ঘোষণা দিয়ে মাঠে ছিলো না আ.লীগ : তবুও যৌথ বাহিনীর কঠোর অবস্থান

লকডাউনের ঘোষণা দিয়ে মাঠে ছিলো না আ.লীগ : তবুও যৌথ বাহিনীর কঠোর অবস্থান

‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিলেও মাঠে ছিলো না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীরা। তবে রাজধানীজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী। রাজধানীর প্রধান সড়কে গণপরিবহন কিছুটা কম । আওয়ামী লীগের জ্বালাও পোড়াও কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে এদিন।

ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার অধিকাংশ সড়কের অবস্থা অনেকটাই ফাঁকা।

এদিন সকাল থেকেই রাজধানীর প্রতিটি প্রবেশপথ ও মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। তবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে।

ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন ধার্যের তারিখ ছিলো আজ বৃহস্পতিবার। আগামী সোমবার, ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিন রাজধানীতে চলাচল করা প্রায় প্রতিটি মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।

গণপরিবহন ও অন্যান্য যানবাহনে সন্দেহজনক কিছু দেখা দিলে, তাও তল্লাশি করেছেন পুলিশ সদস্যরা। সড়কে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। টহল দেয় সেনাবাহিনীও।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। ৩২ নম্বরের সামনে একদল মানুষের অবস্থানও দেখা গেছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে এসেছেন।

সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে বৃহস্পতিবার যেমন যানজট থাকে রাজধানীজুড়ে এদিন ঢাকার অধিকাংশ সড়কে গাড়ি চলাচল কম লক্ষ্য করা যাচ্ছে। তবে সকাল গড়িয়ে দুপুরের পর থেকে বিকেলে গণপরিবহন চলাচল কিছুটা বেড়েছে রাজধানীতে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। কোথাও কোথাও মিছিল করেছেন তারা। রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিওতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন অনেকে।